মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিঠামইন উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল বের করা হয়েছিল।প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টায় মিঠামইন বাজার এলাকা থেকে উপজেলা বিএনপির নেতা–কর্মীরা আনন্দমিছিলটি বের করেন। এতে শতাধিক মানুষ অংশ নেয় এবং মিছিলের নেতৃত্ব দেন মিঠামইন উপজেলা বিএনপির সদস্য আলমগীর শিকদারসহ কয়েকজন নেতা।মিছিলটি মিঠামইন বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা–সংলগ্ন কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির কাছে পৌঁছায়। এ সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়।হামলাকারীরা ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্র, আলমারি এবং বাইরের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। তবে হামলার সময় বাড়িটিতে আবদুল হামিদের কোনো স্বজন বা অন্য কোনো লোকজন উপস্থিত ছিলেন না।এ বিষয়ে জানতে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা-জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ওসি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। বর্তমানে বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তবে ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।